
ছেলে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ইচ্ছা ছিল চাকরি করবেন। কিন্তু বাবা ডেকে বললেন, ‘আমি চাই না, আমার ছেলেরা চাকরি করুক। বরং তোমরা বাবার ব্যবসাটা দেখো।’
তরণী মোহন রাহার দুই ছেলে প্রদীপ কুমার রাহা ও পীযূষ কুমার রাহা বাবার কথা অগ্রাহ্য করতে পারলেন না। সেই থেকে শুরু ‘খাদি ঘর’। কুমিল্লার খাদিশিল্পের অন্যতম পথিকৃৎ।
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে সোজা পূর্ব দিকে গেলে মনোহরপুর। সেখানে সারি সারি খাদির দোকান। ঔপনিবেশিক আমলে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় আরও অনেকের সঙ্গে তরণী মোহন রাহাও দেশীয় কাপড় বা খাদির ব্যবসা শুরু করেন। সাদা ধুতি ও শীতের চাদর।
১৯৭১ সালে তরণী মোহন সপরিবারে ভারতে চলে গেলে দোকানটি লুট হয়ে যায়। বাহাত্তরে বাবার ব্যবসার হাল ধরেই প্রদীপ কুমার ওরফে কান্তি রাহা ভাবলেন, দেশ স্বাধীন হয়েছে। তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা এসেছে। রুচি বদলেছে। খাদির পোশাকেও নতুনত্ব আনতে হবে। তখন দেশে এত ডিজাইনার ছিলেন না। প্রদীপ রাহা শৈশবে ভালো ছবি আঁকতেন। সেই ছবি আঁকার চোখ দিয়েই নতুন নতুন ডিজাইন ও রঙের পোশাক বানালেন।
খাদি ঘরের তিন দিকে আলমারিতে থরে থরে সাজানো পোশাক, কাপড়। পেছনের দিকে প্রায় অর্ধেকজুড়ে কাঠের গদি। সেখানেই বসেন প্রদীপ রাহা। জিজ্ঞেস করি, কীভাবে কুমিল্লায় খাদির প্রসার ঘটল? বললেন, ‘আগে আমরা শুধু শীতের চাদর বানাতাম। এরপর ঋতুর সঙ্গে খাপ খায় এমন পোশাক বানালাম। রঙেও প্রকৃতির ছাপ আনা হলো। চাঁদে অ্যাপোলো ও ভাইকিং পাঠানো হলে তার ছবি ব্যবহার করেও আমরা কাপড়ের ডিজাইন করেছি।’
১৯৭২ সালে তিন হাজার টাকায় ব্যবসা শুরু করে প্রদীপ রাহা এখন ৫০ লাখ টাকার পুঁজি খাটান। খাদি ঘরে ২৫ জন কর্মী কাজ করেন। এ ছাড়া তাঁতিরা তো আছেনই। তৈরি করেন পাঞ্জাবি, ফতুয়া, থ্রিপিস, টপস, বিছানার চাদর। দেশের নামকরা প্রতিষ্ঠান আড়ং, গ্রামীণ, বাংলার মেলা, কুমুদিনী খাদি ঘর থেকে পোশাক কিনে নিয়ে বিদেশে রপ্তানি করে।
বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানের চাহিদামাফিক পোশাকও বানায় প্রতিষ্ঠানটি। ছায়ানটও একাধিকবার তাদের অনুষ্ঠানের জন্য উত্তরীয় বানিয়ে নিয়েছে এখান থেকে।
খাদির প্রসার ঘটানো যায় কীভাবে? প্রদীপ রাহা বললেন, তাঁতিদের উৎসাহিত করতে হবে। তাঁতিদের কম দামে তুলা দিতে পারলে তাঁরা যেমন লাভবান হতেন, তেমনি পোশাকের দাম আরও কম পড়ত। এ ছাড়া ডিজাইন উন্নত করতে হবে, রঙেও বৈচিত্র্য আনতে হবে।
আশির দশকে সরকারের উদ্যোগে যে আটজন ক্রাফটম্যানকে চীনে পাঠানো হয়েছিল, তাঁদের একজন ছিলেন প্রদীপ রাহা। তিনি চীনাদের কাজ দেখেছেন, শিখেছেন। ভারতের রাজস্থানী ও জয়পুরের ডিজাইনও কপি করেছেন তিনি।
কুমিল্লার খাদি দেশের সীমা ছাড়িয়ে বাইরেও জনপ্রিয় হচ্ছে। প্রদীপ রাহা বলেন, একবার কুমিল্লায় বিএসএফ ও বিডিআরের (বিজিবি) কমান্ডার পর্যায়ে বৈঠক হলো। বৈঠকের পর বিএসএফের কর্মকর্তারা খাদি ঘর দেখে মুগ্ধ হন এবং অনেক কাপড় কিনে নিয়ে যান। খাদি যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। খাদি ঘরে এসেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসানের মতো প্রখ্যাত শিল্পীরা। তাঁরা তাঁদের ডিজাইনের প্রশংসা করেছেন বলে জানান প্রদীপ রাহা।
ছোট ভাই পীযূষ রাহা শিল্প-সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকেন বলে ব্যবসাটা বড় ভাইকে দেখতে হয়। সেটি সানন্দে প্রদীপ মেনেও নিয়েছেন। তাঁর ভাষায় ‘এখনো আমরা দুই ভাই, এক হাঁড়িতে ভাত খাই।’