খাদিজা এখন সুস্থ, দু-এক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে সিআরপির রেডওয়ে হলে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেটের কলেজছাত্রী খাদিজা l ছবি: প্রথম আলো
সাভারে সিআরপির রেডওয়ে হলে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেটের কলেজছাত্রী খাদিজা l ছবি: প্রথম আলো

সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম এখন প্রায় সুস্থ। দুই-এক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরতে পারবেন। গতকাল বৃহস্পতিবার সিআরপি কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
সিআরপির রেডওয়ে হলে আয়োজিত এ সংবাদ সম্মেলন খাদিজা, তাঁর পরিবারের সদস্য ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাথা ও বাঁ হাতে আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং বাঁ হাতের মাংসপেশি শক্ত হয়ে খাদিজার শরীরের বাঁ পাশ নিষ্ক্রিয় হয়ে যায়। তিনি চলাফেরা ও নড়াচড়ার জন্য হুইলচেয়ারের পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর নির্ভরশীল ছিলেন।
সিআরপি মেডিকেল সার্ভিসেস উইংয়ের প্রধান চিকিৎসক সাঈদ উদ্দিন হেলাল বলেন, সিআরপির মাল্টি ডিসিপ্লিনারি টিম খাদিজাকে পর্যবেক্ষণের পর আট সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়। পরে তিন মাসের চিকিৎসা পরিকল্পনা করে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। খাদিজা এখন প্রায় সুস্থ। তিনি এখন হাঁটাচলা করতে পারেন। কথা বলতে পারেন। দৈনন্দিনের সব কাজই করতে পারেন। স্মৃতিশক্তিও ফিরে এসেছে। তিনি আবার পড়াশোনা শুরু করতে পারবেন। পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে তাঁকে আরও কয়েক বছর চিকিৎসা নিতে হবে।
সংবাদ সম্মেলনে খাদিজা বলেন, ‘আমি এখন প্রায় সুস্থ। দৈনন্দিন সব কাজ করতে পারি।’ সুস্থ জীবনে ফিরতে সহায়তা করার জন্য তিনি প্রধানমন্ত্রী, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ দেশের সবাইকে ধন্যবাদ জানান এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।