খাদিজা হত্যাচেষ্টা: অভিযোগ গঠন ২৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় অভিযোগ গঠনের জন্য ২৯ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার অভিযোগপত্র গ্রহণ করে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ আদেশ দেন। এ ছাড়া মামলার নথি সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, ২৯ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানি সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে হওয়ার কথা রয়েছে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ নভেম্বর মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে খাদিজাকে কোপানোর দায়ে এককভাবে ছাত্রলীগ নেতা বদরুল আলমকে অভিযুক্ত করা হয়। ঘটনার সাক্ষী হিসেবে ৩৬ জনকে রাখা হয়েছে। আলামত হিসেবে খাদিজাকে কোপানোর চাপাতি, খাদিজার রক্তমাখা জামা, মোবাইল ফোনে ধারণ করা খাদিজাকে কোপানোর একটি ভিডিও ফুটেজ, বদরুলকে ধরা ও পিটুনি দিয়ে পুলিশে সোপর্দের আরও দুটি ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়া হয়েছে।

গত ৩ অক্টোবর বিকেলে সিলেটের এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে তাঁকে ধরে পুলিশে দেয়। খাদিজাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

খাদিজার বাড়ি সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে। তাঁর বাবা মাসুক মিয়া সৌদিপ্রবাসী। ঘটনার পরদিন ৪ অক্টোবর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার বদরুল ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মানিজ্ঞাতি গ্রামে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

খাদিজাকে বদরুলের কোপানোর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বদরুলের দ্রুত বিচারের দাবিতে সিলেটসহ সারা দেশে প্রতিবাদী নানা কর্মসূচি পালিত হয়।