খাদিজা হত্যাচেষ্টা মামলার বিচার শুরু

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে গতকাল মঙ্গলবার এ অভিযোগ গঠনের সময় মামলার একমাত্র আসামি বদরুল আলম উপস্থিত ছিলেন।
আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো আগামী ৫ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর তারিখ ধার্য করেন। এ ছাড়া ঘটনার দ্রুত বিচার করতে সব সাক্ষীকে সাক্ষ্য দিতে সমন জারির নির্দেশ দেন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে খাদিজাকে হত্যাচেষ্টার ৫৫ দিন পর বিচারপ্রক্রিয়া শুরু হলো বলে জানিয়েছেন সিলেট মহানগর হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, মামলায় ৩৬ জন সাক্ষী রয়েছেন। এর বাইরে বাদীও একজন সাক্ষী। এই ৩৭ জনের সাক্ষ্য গ্রহণে আদালতের নির্দেশে সবার নামে গতকালই সমন পাঠানো হয়েছে। বিচারকাজ দ্রুত করতে ৫ ডিসেম্বর প্রথম দফার সাক্ষ্য গ্রহণ শেষে পরবর্তী সময়ে টানা সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলা দায়েরের ১ মাস ৫ দিন পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ৮ নভেম্বর অভিযোগপত্র দেন। অভিযোগপত্রের শুনানি শেষে ১৫ নভেম্বর আদালত তা গ্রহণ করেন। পরে অতিরিক্ত মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা এক আদেশে মামলাটি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়ে ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।
গতকাল বেলা ১১টায় একমাত্র আসামি বদরুল আলমকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় উপস্থিত বদরুলের সামনে প্রায় আধা ঘণ্টা শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়। এর আগে বদরুলের পক্ষের আইনজীবীরা তাঁর জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। শুনানি শেষে বদরুলকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সহসম্পাদক বদরুল। এ ঘটনায় ৪ অক্টোবর খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় বদরুলকে আসামি করে মামলা করেন। মামলায় বদরুলকে গ্রেপ্তার দেখানো হলে পরদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।