খাদিজা হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য আজ

সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলার চলমান বিচারের সাক্ষ্য গ্রহণ আজ রোববার। মামলার মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত খাদিজাকে একজন সাক্ষী হিসেবে আজ রোববার হাজির হয়ে তাঁর ওপর আক্রমণের বর্ণনা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শারীরিক অবস্থা বিবেচনায় খাদিজা আজ সাক্ষ্য দিতে না পারলে সময় প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন মামলার বাদী ও খাদিজার চাচা আবদুল কুদ্দুস।
পরিবারিক সূত্র জানায়, খাদিজা বর্তমানে সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন। তাঁর চিকিৎসক শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় অন্তত এক মাস পর আদালতে যাওয়ার পক্ষে মত দিলে পরিবারের সদস্যরা খাদিজার সাক্ষ্য দিতে সময় প্রার্থনার বিষয়ে সিদ্ধান্ত নেন। আজ রোববার আদালতে সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে আদালতকে লিখিতভাবে জানানো হবে।
গতকাল শনিবার জানতে চাইলে মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আদালত ন্যায়বিচারের স্বার্থে খাদিজার কথাও শুনতে চেয়ে তাঁকে সাক্ষ্য দিতে বলেছিলেন। তবে তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। তিনি বলেন, সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ পর্যায়ে, তাই আদালত চাইলে খাদিজার সাক্ষ্য ছাড়াই মামলার পরবর্তী কার্যক্রম শুরু করতে পারেন।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই লোকজন ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে শাহপরান থানায় হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে আসামি করে মামলা করেন।