খাদিজা হত্যাচেষ্টায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ

খাদিজাকে হত্যা করতেই চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন বদরুল আলম। এ সময় বদরুলকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। কিন্তু বদরুল চাপাতি উঁচিয়ে হুমকি-ধমকি দিচ্ছিলেন। মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনাটি।
সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার সাক্ষীরা গতকাল সোমবার এভাবেই ঘটনা প্রত্যক্ষ করার সাক্ষ্য দেন। আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় কাঠগড়ায় আসামি বদরুল উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে গতকাল ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে এমসি কলেজের শিক্ষক, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, খাদিজার সহপাঠী, উদ্ধারকারী তরুণসহ পুলিশও রয়েছেন। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, প্রথম দিন সিলেটের এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, খাদিজার চাচা আবদুল কুদ্দুস, শিক্ষার্থীসহ ১৭ জন সাক্ষী দিয়েছেন।
খাদিজার এক সহপাঠী আদালতকে বলেন, বদরুল চাপাতি উঁচিয়ে খাদিজাকে জিম্মি করেন। এ সময় চিৎকার করে তাঁরা কয়েকজন এগোতে চাইলে বদরুল খাদিজাকে কোপানোর পাশাপাশি রক্তমাখা চাপাতি উঁচিয়ে এগিয়ে যাওয়া ব্যক্তিদের হুমকি দেন। মিনিট কয়েকের এ ভয়ার্ত মুহূর্তে উপস্থিত সবাই বিমূঢ় ছিলেন। পরক্ষণে অবশ্য খাদিজাকে উদ্ধার করে বদরুলকে ধরা হয়।
শিক্ষার্থী ইমরান আদালতকে জানান, খাদিজা অচেতন হয়ে পড়েছিলেন। সবাই বদরুলকে ধরায় ব্যস্ত। এ সময় খাদিজাকে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হন তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে বদরুলের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, বদরুল তখন ঘুমের ওষুধ সেবন করেছিলেন। অনেকটা বেসামাল হয়ে এ ঘটনা ঘটান। আসামিপক্ষের আইনজীবীদের এ যুক্তি তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে সরকারপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, অপরাধীর অপরাধ সবই পরিষ্কার। কোপানোর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই এ অপরাধকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষাকেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। খাদিজাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ৪ অক্টোবর খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে আসামি করে মামলা করেন। এ মামলায় বদরুলকে গ্রেপ্তার দেখানো হলে পরদিন আদালতে বদরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলা দায়ের হওয়ার এক মাস পাঁচ দিনের মাথায় মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক হারুনুর রশিদ গত ৮ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন।