খাদিজা হোসেনের কুলখানিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার তাঁর ছোট ফুফু খাদিজা হোসেনের কুলখানি ও দোয়া মাহফিলে যোগ দেন। মরহুমার ধানমন্ডির ৪ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়িতে বাদ আসর এ কুলখানি অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মরহুমার আত্মীয়স্বজনেরা অংশ নেন। দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ শেষে আত্মীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন।গত মঙ্গলবার ভোরে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন খাদিজা হোসেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মরহুম এ টি এম সৈয়দ হোসেনের স্ত্রী। মরহুমার কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। কুলখানি উপলক্ষে আসরের নামাজের আগেই মরহুমার বাসভবনে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় বাড়তে থাকে। প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে ছিল বাড়তি নিরাপত্তা। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে প্রধানমন্ত্রী কুলখানিতে যোগ দেন।