খাদিজাকে সিআরপিতে নেওয়া হচ্ছে, অভিযোগপত্র গ্রহণ
সিলেটে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বদরুলের হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগমকে ২৪ নভেম্বর চিকিৎসার জন্য সাভারে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডে (সিআরপি) পাঠানো হতে পারে। গতকাল মঙ্গলবার খাদিজার বাবা মাসুক মিয়া প্রথম আলোকে এসব কথা বলেন।
মাসুক মিয়া বলেন, ‘খাদিজা এখন ডান হাত ও ডান পা নাড়াতে পারে। তবে বাঁ দিকের হাত-পা এখনো ঠিকমতো নাড়াতে পারে না। এ জন্য নিউরোসার্জারি বিভাগের পরামর্শক রেজাউস সাত্তারের পরামর্শে তাঁকে সাভারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে খাদিজা হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র গতকাল গ্রহণ করেছেন আদালত। আদালত ২৯ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। সিলেটের মহানগর অতিরিক্ত বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরার আদালতে অভিযোগপত্র উপস্থাপন করলে বিচারক অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেন।