খাদিজাকে হত্যাচেষ্টায় বদরুলের বিচার শুরু

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমকে হত্যাচেষ্টার মামলায় বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ৫ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।
সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান আজ মঙ্গলবার আসামির উপস্থিতিতে শুনানি নিয়ে এই মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ দেন।
আদালত সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শুনানি শুরু হয়। এ সময় বদরুলের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। এই আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর আদালত অভিযোগ গঠন করেন। সাক্ষ্য গ্রহণের জন্য ৫ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, এই মামলায় মোট সাক্ষী ৩৬ জন। মামলার বিচারকাজ দ্রুত করতে টানা তারিখে সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে আরজি জানানো হয়েছে।
গত ৩ অক্টোবর সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতর আহত হন কলেজছাত্রী খাদিজা। ঘটনার পর বদরুলকে ধরে পুলিশে দেয় জনতা।
সরকারি কৌঁসুলির দপ্তর সূত্র জানায়, হামলার পরদিন বদরুলের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্রের শুনানি শেষে তা গ্রহণ করা হয়। একই দিনে মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়ে ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়।