খাদিজার অবস্থা অপরিবর্তিত

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগমের অবস্থা অপরিবর্তিত আছে। চিকিৎসকেরা বলেছেন, গত ২৬ অক্টোবর তাঁর অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় স্কয়ার হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট থেকে খাদিজাকে কেবিনে নেওয়া হয়।
খাদিজাকে তত্ত্বাবধানকারী স্কয়ার হাসপাতালের নিউরোসার্জন রেজাউস সাত্তার গতকাল প্রথম আলোকে বলেন, খাদিজা সবাইকে চিনতে পারছেন।
খাদিজার চাচা আবদুল কুদ্দুস বলেন, খাদিজা হঠাৎ করেই ‘বিড়’ ‘বিড়’ করে কথা বলতে শুরু করে। তবে তা স্পষ্ট নয়। তবে সে সবার কথা বুঝতে পারছে। তাঁকে স্যুপ ও পুডিংসহ তরল ও নরম খাবার দেওয়া হচ্ছে। অবশ হয়ে যাওয়া বাঁ হাত-পায়ে অস্ত্রোপচার করার কথা থাকলেও তা করা হয়নি। তাঁর ওই হাত-পা এখনো অবশ। এ নিয়ে তাঁরা চিন্তিত। চিকিৎসকেরা বলেছেন, তাঁর উন্নতি হতে অনেক সময় লাগবে। আবদুল কুদ্দুস বলেন, খাদিজার মা সিলেটের বাড়িতে চলে গেছেন। এখন তিনি ও তাঁর বোন খাদিজার পাশে আছেন।
৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের (ডিগ্রি) ছাত্রী খাদিজা বেগম পরীক্ষা দিয়ে ফেরার পথে ছাত্রলীগের নেতা বদরুল আলম তাঁকে কুপিয়ে আহত করেন। মাথায় গুরুতর আঘাত নিয়ে খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। ছাত্রলীগের নেতা বদরুল আলমকে গত রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তিনি এখন কারাগারে।