জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘খাদিজার ওপর বর্বরোচিত হামলা আমাদের শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, জবরদখল, সাধারণ শিক্ষার্থীদের ওপর বারবার ন্যক্কারজনক হামলা সচেতন মানুষ মেনে নিতে পারছে না।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চবিদ্যালয়ের নতুন ষষ্ঠ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর জাতীয় পার্টির জ্যেষ্ঠ সহসভাপতি তপন চক্রবর্তী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এয়াকুব হোসেন, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার।
অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরও বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করার দায়িত্ব রাষ্ট্রের। শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও খুনোখুনি কঠিন হাতে দমন করতে পারলেই স্থিতিশীলতা আসবে; দেশের অগ্রগতি হবে।
সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের ষষ্ঠ তলা ভবনের কাজ শেষ করার জন্য নির্মাণকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।