খাদিজার ওপর হামলাকারীর দ্রুত বিচার দাবিতে স্মারকলিপি
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের ওপর হামলাকারী বদরুল আলমের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর-সংবলিত স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল সোমবার সকালে স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী। তিনি এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন। স্মারকলিপিতে গত প্রায় এক সপ্তাহে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ এলাকা থেকে সংগ্রহ করা এক হাজার স্বাক্ষর যুক্ত করে দেওয়া হয়।
স্মারকলিপি পেশের আগে একটি মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলার সদস্য লক্ষ্মী পালের সঞ্চালনায় সমাবেশে নারীমুক্তি কেন্দ্রের জেলা সদস্য মিতা সিং, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, খাদিজার সহপাঠী তানজিন তানি প্রমুখ বক্তব্য দেন।