খাদিজার ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
বিচারহীনতার সংস্কৃতির কারণে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বিচারহীনতার এই সংস্কৃতি অব্যাহত থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা অভিযোগ করেন, একের পর এক নারী নির্যাতন এবং হত্যার ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার। অনেক ক্ষেত্রে সরকার এবং প্রশাসন বিভিন্নভাবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকাদার, ছাত্র ইউনিয়ের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার, সাবেক ছাত্রনেতা রবিউল হোসেন, রাশিদুল সামির, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহসাধারণ সম্পাদক নাবিলা তানজিনা, সাংগঠনিক সম্পাদক জাবেদ চৌধুরী প্রমুখ।
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের ছাত্রী খাদিজাকে গত সোমবার কুপিয়ে আহত করা হয়।