খাদিজার জ্ঞান ফেরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের জ্ঞান গতকাল শুক্রবারও ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, ধীরে ধীরে খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
স্কয়ার হাসপাতালের সহযোগী পরিচালক (চিকিৎসা) মির্জা নাজিম উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ধীরে ধীরে খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে। একটি পর্যায়ে তাঁর জ্ঞান ফিরে আসবে। ধারালো অস্ত্রের আঘাতগুলো খাদিজার মাথার ডান দিকে লেগেছে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। তবে তাঁর বাঁ হাত ও পা অবশ অবস্থায় রয়েছে। আজ শনিবার অর্থোপেডিক বিশেষজ্ঞরা খাদিজার অবশ হয়ে যাওয়া বাঁ হাত ও পায়ের পরবর্তী অবস্থা সম্পর্কে জানাতে পারবেন।
গত বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা খাদিজার শরীর থেকে ভেন্টিলেটর খুলে নেন। এরপর থেকে তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। ডান হাত ও ডান পা নাড়াতে পারছেন। চোখ খুলেছেন কয়েকবার।
৩ অক্টোবর ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম খাদিজাকে কুপিয়ে আহত করেন। পরে অচেতন অবস্থায় তাঁকে স্কয়ার হাসপাতালে আনা হয় ওই দিন গভীর রাতে। সেখানে অস্ত্রোপচারের পর থেকেই তিনি ভেন্টিলেটরে ছিলেন। এ ঘটনায় সিলেটের শাহ পরান থানায় করা মামলায় ছাত্রলীগের নেতা বদরুল কারাগারে আছেন।
খাদিজার বড় চাচা আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সকালে তিনি নার্গিসকে দেখে এসেছেন। খাদিজার অবশ হয়ে যাওয়া বাঁদিক নিয়ে তাঁরা উদ্বিগ্ন ও চিন্তিত। চিকিৎসকেরা এখনো বলতে পারছেন না খাদিজার শরীরের বাঁদিক কতটা ঠিক হবে, বা আদৌ ঠিক হবে কি না। তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়ে বলেন, সহায়তা পাওয়া গেলে খাদিজাকে তাঁরা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন।