খাদিজার ডান হাতে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় মারাত্মক আহত কলেজছাত্রী খাদিজা বেগমের ডান হাতে গতকাল সোমবার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা আশা করছেন, ধীরে ধীরে তাঁর ডান হাত সব কাজ করার উপযোগী হয়ে উঠবে। খাদিজা ডাকে সাড়াও দিচ্ছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজা চিকিৎসাধীন। গতকাল তাঁর হাতে অস্ত্রোপচার করেন হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের পরামর্শক মেজবাহউদ্দীন আহমেদ। অস্ত্রোপচার চলে বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খাদিজার আঙুলের টেন্ডন কেটে গিয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে টেন্ডন ঠিক করা হয়েছে। তবে হাতটা পুরোপুরি কার্যকর করতে খাদিজাকে ফিজিওথেরাপি দিতে হবে।’
চিকিৎসকেরা বলেন, টেন্ডন মাংসপেশির সঙ্গে হাড়কে সংযুক্ত রাখতে সাহায্য করে। টেন্ডন কেটে গেলে মাংসপেশির নড়াচড়া বন্ধ হয়ে যায়। ফলে যে অঙ্গের টেন্ডন কেটে যায়, সেটি ধীরে ধীরে অচল হয়ে যায়।
খাদিজার দুই হাতে আঘাত থাকলেও গতকাল চিকিৎসকেরা শুধু ডান হাতে অস্ত্রোপচার করেছেন। কয়েক সপ্তাহ পর্যবেক্ষণের পর বাঁ হাতে অস্ত্রোপচার করা হতে পারে। গতকাল সংবাদ সম্মেলনে মেজবাহউদ্দিন বলেন, খাদিজাকে নাম ধরে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন। তবে তিনি স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে পাননি এখনো।
খাদিজার ভাই শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, খাদিজা এখন আগের চেয়ে অনেকটা ভালো। নাম ধরে ডাকলে তিনি চোখ মেলে তাকাচ্ছেন। তবে খুব সামান্য সময়ের জন্য তাকিয়ে থাকতে পারছেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও গভীর ঘুমে তলিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে।
সিলেট সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী (ডিগ্রি) খাদিজা বেগম ৩ অক্টোবর পরীক্ষা দিয়ে ফেরার পথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর প্রথমে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর খাদিজাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সম্পূর্ণ অচেতন খাদিজা তখন থেকেই ভেন্টিলেশনে (লাইফ সাপোর্ট) ছিলেন।