খাদিজার ডান হাতে অস্ত্রোপচার হবে
ছাত্রলীগের নেতার হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সোমবার তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার তত্ত্বাবধানকারী কনসালট্যান্ট রেজাউস সাত্তার প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের কোপ ঠেকানোর সময় খাদিজার হাতের একাধিক স্থান কেটে গেছে। এ কারণে শনিবার হাসপাতালের অর্থোপেডিক সার্জনরা খাদিজার ডান হাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সোমবার এই অস্ত্রোপচার করা হবে।
রেজাউস সাত্তার বলেন, খাদিজার চেতনা না ফিরলেও নাম ধরে ডাক দিলে কিঞ্চিৎ সাড়া পাওয়া যাচ্ছে। শ্বাস–প্রশ্বাস নিতে পারছেন। এ কারণে শনিবার খাদিজাকে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) থেকে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে থাকা হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে তাঁর অবস্থার আরও উন্নতি হবে। তবে খাদিজার অবশ বাঁ হাত ও পা নিয়ে চিকিৎসকেরা উদ্বিগ্ন।
খাদিজার বড় ভাই শাহীন আহমেদ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শনিবার সকালে খাদিজাকে দেখার পর একজন অর্থোপেডিক সার্জন তাঁদের জানিয়েছেন, অবশ হওয়া বাঁ হাত ও পা ঠিক হওয়ার সম্ভাবনা কম। আর ভালো হলেও অনেক সময় লাগবে। তিনি বলেন, আক্রান্ত হওয়ার পর সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজার মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল। তখন আক্রান্ত ডান হাতটিতে কয়েকটি সেলাই করে দেওয়া হলেও অস্ত্রোপচার করা হয়নি। স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসকেরা আগামী সোমবার খাদিজার ডান হাতে অস্ত্রোপচার করবেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। হামলার পরপর জনতার হাতে আটক বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এখন তিনি কারাগারে আছেন।