খাদিজার ডান হাতে সফল অস্ত্রোপচার
সিলেটে ছাত্রলীগ নেতার কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা আক্তারের শরীরে আবারও অস্ত্রোপচার হয়েছে। আজ সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হয়েছে।
খাদিজার ভাই শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টা ধরে এ অস্ত্রোপচার করেছেন স্কয়ার হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের কনসালট্যান্ট মেজবাহউদ্দিন আহমেদ। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে।
সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁকে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অচেতন অবস্থায় ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানে ৪ অক্টোবর খাদিজার মাথায় অস্ত্রোপচার করা হয়। তখন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত বৃহস্পতিবার তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে এখনো তাঁর চেতনা ফেরেনি।
হামলার পর জনতার হাতে আটক বদরুল এখন কারাগারে রয়েছেন।