খাদিজার তৃতীয় দফা অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম
খাদিজা বেগম

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগমের তৃতীয় দফায় অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে গতকাল সোমবার রাতে জানিয়েছেন তাঁর বাবা মাশুক মিয়া।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে গত ৩ অক্টোবর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। ঘটনাস্থল সিলেট এমসি কলেজে ধাওয়া করে বদরুলকে আটক করা হয়। মাথায় গুরুতর জখম হওয়া খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। খাদিজাকে কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে খাদিজার চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় বদরুলকে।
খাদিজার বাবা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে খাদিজার অস্ত্রোপচার শুরু করেন স্কয়ার হাসপাতালের একদল চিকিৎসক। শেষ হয় বেলা দুইটার দিকে। তাঁর হাত, পা ও মাথায় জটিল এ অস্ত্রোপচারের পর তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
মাশুক মিয়া বলেন, এখন খাদিজার অবস্থা উন্নতির দিকে। সে বাবা-মাসহ অন্যদের চিনতে পারছে। যদিও মাঝেমধ্যে মানুষ চিনতে ভুল করছে। এ ছাড়া কথাবার্তাও বলছে।