খাদিজার দুই হাতে অস্ত্রোপচার আজ

ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগমের অবস্থা অপরিবর্তিত রয়েছে। আজ সোমবার তাঁর দুই হাতে অস্ত্রোপচার করা হবে বলে চিকিৎসক ও খাদিজার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজা চিকিৎসাধীন। খাদিজাকে তত্ত্বাবধানকারী চিকিৎসক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের কনসালট্যান্ট রেজাউস সাত্তার গতকাল রোববার প বলেন, ধারালো অস্ত্রের কোপ ঠেকানোর সময় খাদিজার দুই হাতের একাধিক স্থান কেটে গেছে। তাঁর বাঁ হাতটিও অবশ হয়ে আছে। আজ হাসপাতালের অর্থোপেডিক সার্জনরা খাদিজার দুই হাতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে থাকা হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে খাদিজাকে। তিনি জানান, খাদিজার জ্ঞান না ফিরলেও তাঁকে নাম ধরে ডাক দিলে কিঞ্চিৎ সাড়া পাওয়া যাচ্ছে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
খাদিজার বড় ভাই শাহীন আহমেদ গতকাল রাতে বলেন, অর্থোপেডিক সার্জনরা আজ খাদিজার দুই হাতে অস্ত্রোপচার করবেন বলে জানিয়েছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম ৩ অক্টোবর খাদিজা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন।