খাদিজার সাফল্যগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদিজা বেগম। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
খাদিজা বেগম। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

শৈশবেই মা–বাবাকে হারান খাদিজা বেগম। স্কুলে যাওয়ার সুযোগ মেলেনি। স্বামীর ঘরেও ছিল অভাব-অনটন।

এ রকম নানা প্রতিকূলতা সামলে খাদিজা (৪০) এখন সফল মুরগি ব্যবসায়ী। শুরুতে হেঁটে হেঁটে মুরগি বিক্রি করলেও এখন শেওড়াপাড়া বাজারে ১০টি খাঁচায় মুরগি রেখে বিক্রি করেন তিনি। দিনে বিক্রি হয় ৪০–৫০ হাজার টাকা। লাভ থাকে ভালোই।

১২ বছর বয়সে যে সংগ্রামের শুরু, তা এখনো চলছে। হাতের চুড়ি ঘোরাতে ঘোরাতে খাদিজা বেগম বলেন, ‘জীবনে ম্যালা বিপদ আইব। তয় মন দিয়া কাম করলে ফল হইবেই।’

বরগুনার আমতলী উপজেলার খেয়াঘাট গ্রামের মেয়ে খাদিজা। ১০ বছর বয়সে মাকে হারান। দুই বছর পরে বাবাকে। মা–বাবাহারা খাদিজার দায়িত্ব বড় ভাই-বোনেরা নেননি। তাই পেটের দায়ে এক প্রতিবেশীর সঙ্গে নারায়ণগঞ্জে কাজে আসেন। সেখানে একটি হোটেলে থালাবাসন ধোয়া ও মসলা বাটার কাজ নেন। কয়েক মাস যেতেই পোশাক কারখানায় কাজ শুরু করেন। সেখানে কয়েকজন মিলে ‘অসহায়’ খাদিজাকে তাঁর চেয়ে বয়সে ২০ বছরের বড় এক সুপারভাইজারের সঙ্গে বিয়ে দেন।

তারপরও ১৫ বছরের খাদিজার দিন ভালোই কাটছিল। কিন্তু ১৭ বছর বয়সে বিধবা হন এক সন্তানের মা খাদিজা বেগম। বিয়ের পর চাকরিটাও ছেড়ে দিয়েছিলেন। ছেলেকে নিয়ে পেট চালাতে এবার আশপাশের বাসায় ঠিকা গৃহপরিচারিকার কাজ নেন। তবে একপর্যায়ে সে কাজ ছেড়ে দেন। শুরু করেন ইট ভাঙার কাজ। সেখানেই পরিচয় মো. রফিকের সঙ্গে। পরে বিয়ে হয় তাঁর সঙ্গে। নতুন উদ্যমে আবার সংসার শুরু করেন। তবে স্বামী এক দিন কাজ করেন তো তিন দিন করেন না। সংসারে অভাব-অনটন। এর মধ্যেই দুটো কন্যাসন্তানের জন্ম। আর বিয়ের কয়েক বছর পর জানতে পারেন স্বামী আগে বিয়ে করেছেন, সেখানে সন্তানও রয়েছে।

এখানেই শেষ নয়। স্বামী তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে থাকতে শুরু করেন। ছেলেমেয়ে নিয়ে আবার বিপদে পড়েন খাদিজা। ভেঙে না পড়ে এক প্রতিবেশীর পরামর্শে মুরগি বিক্রি শুরু করেন। পুঁজি না থাকায় প্রথমে দোকান নিতে পারেননি। তাই ফতুল্লা থেকে মুরগি কিনে পাগলা পর্যন্ত হেঁটে হেঁটে মুরগি বিক্রি করতেন।

বেশি লাভের আশায় ২০০৭ সালে সন্তানদের নিয়ে ঢাকায় চলে আসেন। প্রথমে শেওড়াপাড়ার গলিতে গলিতে হেঁটে মুরগি বেচতেন। এক বছরে ৭ হাজার টাকা জমিয়ে শেওড়াপাড়া বাজারে দিন ১০০ টাকা ভাড়ায় একটি খাঁচায় মুরগি বিক্রি শুরু করেন। এটা ২০০৮ সালের কথা।

এরপর ধীরে ধীরে খাদিজা বেগমের জীবনের রং বদলাতে শুরু করে। খাঁচার পরিমাণ বাড়তে থাকে। এখন খাঁচার সংখ্যা ১০। তিনি দেশি এবং সোনালিকা মুরগি বিক্রি করেন। দিনে ১৮০-২০০টি মুরগি বিক্রি হয়। তিনি বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে ও রেস্তোরাঁতে মুরগি সরবরাহ করেন।

খাদিজা বেগম বলেন, ‘মুরগি বেচার টাহা দিয়া গ্রামে ৩০ শতাংশ জাগা কিনছি। মাইয়াগো লেইগ্যা গয়নাপাতি করছি। আর ব্যাংকেও টাহা আছে।’

ভোর ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত খাদিজা কাজ করেন। প্রথমে ছেলেকে নিয়ে কারওয়ান বাজার থেকে মুরগি কেনেন। সেখান থেকে ফিরে দোকানে বসেন। তবে দুপুরের দিকে তিন ঘণ্টার জন্য বাসায় গিয়ে রান্না ও বিশ্রাম—দুটোই সারেন।

খাদিজা বলেন, সরলতা এবং ভালো ব্যবহার—তাঁর সফলতার মূল কারণ। তিনি বলেন, একবার তাঁর দোকানে যিনি আসবেন, তিনি কখনো অন্য দোকানে যাবেন না।

এমনই একজন ক্রেতা হরমোহন সূত্রধর। এই দোকান থেকে তিনি ছেলেমেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কুমিল্লাতেও মুরগি নিয়ে গেছেন। তিনি বলেন, ‘আপার ব্যবহার ভালো। আর দামও রাখেন কম।’

স্বামী সুখ বা স্বাচ্ছন্দ্য কোনোটাই দেননি। বরং মাসে মাসে তাঁকে টাকা পাঠাতে হয়। মেয়েদের কথা ভেবে বিবাহবিচ্ছেদ করেননি। ছেলেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা আর মেয়েদের পড়াশোনা করানোই এখন তাঁর জীবনের মূল লক্ষ্য।