খাদিমনগরে মুখপোড়া হনুমান
সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে মুখপোড়া হনুমানের দেখা মিলেছে। দুটি দলে বিভক্ত প্রায় ২০-২৫টি হনুমান দেখা গেছে। এ উদ্যোনে মুখপোড়া হনুমান এই প্রথম দেখা গেল বলে উদ্যোনের বন বিট কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।এ প্রজাতির আর কোনো দল আছে কি না—এ নিয়ে অনুসন্ধানে নেমেছে ‘আইপ্যাক’ প্রকল্প নিয়ে উদ্যানে কর্মরত বেসরকারি সংস্থা সিএনআরএস। ২০০৬ সালে সিলেট শহরতলি খাদিমনগর এলাকায় প্রায় ৬৭৯ হেক্টর আয়তনের বন-পাহাড়-টিলা শ্রেণীর এলাকাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে বন বিভাগ খাদিমনগর জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করে। ওই বছর থেকে বন বিভাগের একটি বিট উদ্যানে স্থাপন করে বন্য পশুপাখি ও বন সংরক্ষণ শুরু হয়। বন বিভাগের পাশাপাশি উদ্যানের পরিবেশ সংরক্ষণে আশপাশ এলাকার মানুষের সচেতনতায় বেসরকারি সংস্থা সিএনআরএসের আইপ্যাক (নিসর্গ) প্রকল্পের কাজ শুরু হয় ২০০৯ সালে। বন বিভাগ ও বেসরকারি সংস্থার পর্যবেক্ষণ থেকে জানা যায়, সংরক্ষিত থাকায় খাদিমনগর জাতীয় উদ্যানটি বন্য পশুপাখির অভয়াশ্রমে পরিণত হয়। বিভিন্ন প্রজাতির বানরের সঙ্গে হনুমানেরও বসবাস রয়েছে এখানে। তবে মুখপোড়া হনুমান এর আগে এখানে দেখা যায়নি।আইপ্যাক প্রকল্পের মাঠ কর্মকর্তা অর্জুন চন্দ্র দাস জানান, তাঁদের এলাকাভিত্তিক কমিটিগুলো বিচ্ছিন্নভাবে মুখপোড়া হনুমান দেখে বলে জানালেও বন বিভাগ বা তাদের পর্যবেক্ষণে ধরা পড়েনি কখনো। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুখপোড়া হনুমানের দুটি দলকে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ের টিলার চূড়ায় বাঁশঝাড়ে বিচরণ করতে দেখেছেন অনেকেই। খাদিমনগর জাতীয় উদ্যানে বন বিভাগের বিট কর্মকর্তা সাদ উদ্দিন জানান, হনুমানের একটি প্রজাতির কয়েকটি দল সচরাচর দেখা যায়। মুখপোড়া হনুমান এবারই প্রথম দেখা গেল। এরা বাঁশঝাড়ে বেশি থাকে। লতা-ফুল-গুল্ম এদের খাদ্য। ধারণা করা হচ্ছে, বন বিভাগের কার্যালয়ের টিলার আশপাশে এরা বংশ বিস্তার করেছে।