খাদির সমাহার, উপচে পড়া ভিড়

মিহি সুতার সঙ্গে মোটা সুতার ব্র্যান্ড। কোনোটাতে খাদির সঙ্গে রকমারি সুতার চেক বুনন। ভেতরে ব্লক দিয়ে আনা হয়েছে বৈচিত্র্য। ঐতিহ্য ও চেতনার সঙ্গে মিল রেখে এমন নানা ধরনের নকশা করে তৈরি খাদি পোশাকের দোকান সাজানো।
কুমিল্লা নগরের কান্দিরপাড়, লাকসাম সড়ক, মনোহরপুর ও রাজগঞ্জ এলাকার খাদি দোকানগুলোতে গতকাল রোববার ঘুরে এমন চিত্র চোখে পড়েছে। ঈদ উপলক্ষে এসব দোকানে শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়েছে।
বরাবরের মতো এবারও পুরুষের চাহিদার শীর্ষে রয়েছে খাদি পাঞ্জাবি ও ফতুয়া। অন্যদিকে থ্রি–পিস, শাড়ি ও বিছানার চাদরের প্রতি আকর্ষণ বেশি মেয়েদের। দামও তুলনামূলক কম হওয়ায় পরিবার ও স্বজনদের জন্য খাদির পোশাক কিনে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
কান্দিরপাড়ের পূর্বাশা গিফট অ্যান্ড খাদি, জোসনা স্টোর, খাদি নীড়, খাদি নিলয়, খাদিনী, খাদি পরশ প্রীতি, চরকা, কুমিল্লা খদ্দর, আবরণী, প্রসিদ্ধসহ অন্তত ৫০টি খাদি দোকানে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। এসব দোকানে নানা ধরনের আধুনিক রুচিশীল পোশাক চোখে পড়ে। রঙিন ও সাদা পাঞ্জাবির দাম সর্বনিম্ন ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত, থ্রি–পিস ৪৫০ থেকে ১৪০০ টাকা এবং শর্ট ফতুয়া ৪৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খাদি কাপড়ের মধ্যে ব্লক দিয়ে নকশা করা পাঞ্জাবির দাম একটু বেশি।
কান্দিরপাড়ের একটি খাদি দোকানে কথা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের প্রবাসী আফজল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে প্রবাসী বাঙালিদের খাদির পাঞ্জাবি পরতে দেখা যায়। অনেকের বাসায় খাদির বিছানার চাদরও দেখেছি। এ দেশ থেকে খাদির কাপড় বিদেশে যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার।’
এ বক্তব্যে সায় দিলেন নগরের রাজগঞ্জ এলাকার খাদিঘরের স্বত্বাধিকারী কান্তি রাহা। তিনি বলেন, আগে খাদি কাপড় ভারী ছিল। সময়ের পরিক্রমায় তা মিহি করা হয়েছে। দিনে দিনে খাদির ব্যবসা বাড়ছে। এ ব্যবসায় আসা তরুণ প্রজন্ম এখন খদ্দেরদের চাহিদা বিবেচনায় নিয়ে নকশায় বৈচিত্র্য আনছে। বিশেষ করে পাঞ্জাবি ও ফতুয়া এখন সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে।
নকশা, রং ও কাপড়ভেদে খাদি পোশাকের দাম নির্ধারণ করা হয়। ছেলেদের সাধারণ ফতুয়া ৪৫০ থেকে ৭০০ টাকা, মেয়েদের ফতুয়া ৬৫০ টাকা, থ্রি–পিস ৪৫০ থেকে ৯০০ টাকা, বিছানার চাদর ১২০০ থেকে ৫৫৫০ টাকা, পাঞ্জাবি ৮৫০ টাকা, শাড়ি ৭৫০ টাকা। শিশুদের পায়জামা–পাঞ্জাবি ৫০০ থেকে ১০০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে।
পূর্বাশা গিফট অ্যান্ড খাদির স্বত্বাধিকারী আল হেলাল বলেন, ‘সময়ের সঙ্গে মিল রেখে আমরা পোশাকে বৈচিত্র্য আনি। যে কারণে আমাদের পোশাকের গুণগত মান ভালো হয়। দামও একটু বেশি।’ কান্দিরপাড় খাদি ব্যবসায়ী সমিতির সহসভাপতি কামরুজ্জামান মজুমদার বলেন, ঈদে খাদির পোশাকের চাহিদা বেশি। কুমিল্লা জেলার বাইরে থেকে প্রচুর ক্রেতা এখানে আসেন।
কুমিল্লার তরুণ ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় ভারতবর্ষে বিদেশি পণ্য বর্জন করে মোটা কাপড় পরার আওয়াজ ওঠে। তখন খাদের (গর্তে) চরকায় বসে এ কাপড় তৈরি করা হতো। তাই এর নাম হয় খাদি। যুগের সঙ্গে তাল মিলিয়ে খাদি কাপড়ে বৈচিত্র্য আনা হয়েছে। মোটা কাপড়ের বদলে মিহি কাপড়ের খাদি পোশাক পাওয়া যাচ্ছে। জেলার অন্তত দেড় হাজার পরিবার খাদি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।