খাদে যাত্রীবাহী বাস, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িলের উড়ালসেতু থেকে নামার সময় উল্টোপথে আসা গাড়িকে পাশ কাটাতে গিয়ে খাদের পানিতে পড়ে গেছে একটি যাত্রীভর্তি বাস। পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন। তবে ওই দুর্ঘটনার পরে বিমানবন্দরসহ ওই এলাকায় প্রচণ্ড যানজট তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম বলেন, উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পথে চলাচলকারী তুরাগ পরিবহনের যাত্রীভর্তি বাসটি কুড়িল ফ্লাইওভার পার হয়ে ঢাল দিয়ে নামছিল। এ সময় উল্টোপথ দিয়ে একটি ব্যক্তিগত গাড়ি ফ্লাইওভারে ওঠার চেষ্টা করছিল। ঢালের মুখে বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। ব্যক্তিগত গাড়িটিকে বাঁচাতে গিয়ে এর পেছনে আঘাত করে ফ্লাইওভার থেকে নেমেই রাস্তার বাম পাশের হাঁটু পানির খাদে কাত হয়ে পড়ে যায় বাসটি। পরে জনতা উল্টোপথে আসা ব্যক্তিগত গাড়ির চালককে মারধর করে পুলিশে সোপর্দ করে। বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বাসটি টেনে তোলেন।
পুলিশ জানায়, বাসটিতে সে সময় ৪০ জনের বেশি যাত্রী থাকলেও পাঁচজনের মতো আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।