খাদেম পরিচয় দিয়ে...
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের খাদেম পরিচয় দিয়ে দুই ব্যক্তি গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন। প্রতারকদের দেওয়া চাল ও পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনজন। জানা গেছে, দুই ব্যক্তি গতকাল বিকেল চারটার দিকে শহরের লঞ্চঘাট এলাকার কিয়ামুদ্দিনের বাড়িতে গিয়ে নিজেদের শাহজালাল (রহ.)-এর মাজারের খাদেম পরিচয় দেন। এরপর তাঁরা নানা কৌশলে ওই পরিবারের সদস্যদের কাছে বিশ্বস্ততা অর্জন করেন। একপর্যায়ে তাঁরা পরিবারটির নানা সমস্যার কথা তুলে ধরে তা দূর করার আশ্বাস দেন। সমস্যা সমাধানে একমুঠো চাল আর পানি দিয়ে পরিবারের কয়েকজন সদস্যকে দূর্বাঘাস আনতে বাসার বাইরে পাঠান। এ সুযোগে প্রতারকেরা গৃহকর্তা কিয়ামুদ্দিন ও তাঁর স্ত্রী জাহানারা বেগম এবং মেয়ে মর্জিনাকে চালমিশ্রিত পানি পান করান। ওই পানি খেয়ে তাঁরা অচেতন হয়ে পড়েন। এরপর প্রতারকেরা আলমারি ভেঙে ৩০ হাজার টাকা ও পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে সটকে পড়েন। কিয়ামুদ্দিনের মেয়ে জরিনা জানান, ‘দূর্বা নিয়ে বাসার ভেতরে গিয়ে মা, বাবা ও বোনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এঁদের মধ্যে বোন মর্জিনাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’