খাদেমুলকে পুনর্নিয়োগ দিলে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন অকার্যকর হবে
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান পদে খাদেমুল ইসলাম চৌধুরীকে পুনর্নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বান্দরবানের বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন। গতকাল শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিতর্কিত ভূমিকায় খাদেমুল ইসলামকে নিয়োগ দেওয়া হলে কমিশন আবারও অকার্যকর ও অচল হয়ে পড়বে। এতে পার্বত্য শান্তিচুক্তির মূল চেতনা অনুযায়ী ভূমিবিরোধ নিষ্পত্তি হবে না এবং সংকট আরও বাড়বে।ভূমি অধিকার আন্দোলনের বান্দরবান জেলার সভাপতি জুয়ামলিয়ান আমলাই বম বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলামকে চেয়ারম্যান করে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন পুনর্গঠন করা হয়। কিন্তু নিয়োগ দেওয়ার পর থেকে তিনি কমিশনের এক্তিয়ারবহির্ভূত হওয়া সত্ত্বেও ভূমি জরিপের উদ্যোগ নেওয়া, ভূমিবিরোধ নিষ্পত্তির নামে গণঅভিযোগ গ্রহণ ও এককভাবে শুনানির উদ্যোগ, কমিশনের সদস্য না হওয়া সত্ত্বেও কমিশন বৈঠকে সরকারি কর্মকর্তাদের অবাধে অংশগ্রহণের সুযোগ দেওয়াসহ বিভিন্ন বিতর্কিত কাজ করেছিলেন। তাঁর মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁকে যদি পুনরায় নিয়োগ দেওয়া হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের মানুষ তা মেনে নেবে না। ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই বমের স্বাক্ষরিত বিবৃতিতে পার্বত্য চুক্তি অনুযায়ী পার্বত্য আঞ্চলিক পরিষদের মতামতের ভিত্তিতে কমিশনের মেয়াদ বৃদ্ধি ও চেয়ারম্যান নিয়োগ করার জন্য দাবি জানানো হয়েছে।