খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবিলম্বে খাদ্য অধিকার আইন চাই, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’ এই স্লোগান নিয়ে শুরু হওয়া পথযাত্রা শেষে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে বক্তারা খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) ও অ্যাকশনএইড-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশের আয়োজন করে উন্নয়ন সংগঠন প্রান্তজন।
সমাবেশে জানানো হয়, বিশ্ব খাদ্য দিবস ও আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দেশের চারটি প্রান্তের ২৫টি জেলা থেকে একযোগে পথযাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে উত্তরাঞ্চলের নীলফামারী থেকে ১১ অক্টোবর পথযাত্রা শুরু হয়েছে। ১৭ অক্টোবর ঢাকায় শেষ হবে। ঢাকায় জাতীয় সংহতি সমাবেশ ও শোভাযাত্রা শেষে সরকারের কাছে দাবিনামা পেশ করা হবে।
প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।