খাদ্য অধিদপ্তরে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল
খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। নতুন প্রশ্নপত্র তৈরি করে ওই পরীক্ষা আবার নেওয়ার জন্য খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খাদ্য বিভাগ এ ব্যাপারে দাপ্তরিক আদেশ দেয়।খাদ্যসচিবের দপ্তর পরীক্ষাটি বাতিলের জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ ব্যাপারে দাপ্তরিক আদেশ দিতে চিঠি দিয়েছে। চিঠিতে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ওই পরীক্ষা বাতিল ঘোষণা করে দ্রুততম সময়ে আবার পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলাগুলোর সুষ্ঠু তদন্তের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।খাদ্য বিভাগের সচিব বরুন দেব মিত্র গতকাল প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুসরণ করে ওই পরীক্ষা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি গত রোববার সচিবের কাছে সুপারিশসহ প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে খাদ্য অধিদপ্তর তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা দেবে।২৬ জানুয়ারি সন্ধ্যায় ওই লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। ওই প্রশ্নপত্রেই পরদিন নিয়োগ পরীক্ষা হয়। সহকারী উপ-খাদ্য পরিদর্শকের ৪২৮টি পদের বিপরীতে দুই লাখ ১৮ হাজার এবং নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৫০৩টি পদের বিপরীতে ৩০ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।