খাদ্য অধিদপ্তরের নিয়োগে অচলাবস্থা কাটছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য অধিদপ্তরে এক হাজার ৯১টি কর্মকর্তা-কর্মচারী পদে লোক নিয়োগ নিয়ে অচলাবস্থা কাটছেই না। ১৫ মার্চ এই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ তৃতীয় বারের মতো পেরিয়ে গেছে, কিন্তু ফল প্রকাশিত হয়নি। খাদ্য অধিদপ্তর বলছে, সব কয়টি বিভাগের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল এখনো তাদের কাছে পৌঁছায়নি, তাই ফল প্রকাশ করা যাচ্ছে না।কিন্তু সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে, ফলাফল জালিয়াতি করার জন্যই এই বিলম্ব। দলীয় ও রাজনৈতিক সুপারিশের ভিত্তিতেই জালিয়াতির চেষ্টা চলেছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সুপারিশ তো কিছু থাকতেই পারে। কিন্তু ফলাফলে কোনো জালিয়াতি হবে না। একটু দেরি হচ্ছে ঠিকই। তবে অল্প কয়েক দিনের মধ্যেই ফল প্রকাশিত হবে। এ নিয়ে দুর্নীতি হচ্ছে বলে যে জল্পনা হচ্ছে তা যে সঠিক নয়, ফল প্রকাশের পর তা প্রমাণিত হবে।খাদ্য অধিদপ্তরের এই পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয় ২০০৪ সালে। ২০০৬ সালে লিখিত পরীক্ষা নিয়েও অস্বচ্ছতার কারণে তা বাতিল করা হয়। এরপর বর্তমান সরকার প্রক্রিয়াটি নতুন করে শুরু করে। সে অনুযায়ী গত বছরের ২৪ এপ্রিল প্রতিটি জেলা সদরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নতুন করে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাতে দুই লাখ ৯২ হাজার প্রার্থী অংশ নেন। এর মধ্যে আট হাজার ৬১০ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। তাঁদের মৌখিক পরীক্ষা নেয় ছয়টি বিভাগীয় কমিশনারের নেতৃত্বাধীন আলাদা ছয়টি কমিটি। প্রতিটি বিভাগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পৌঁছানোর পর প্রকাশের কথা ছিল। কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এরপর তা বাড়িয়ে করা হয় ১৫ মার্চ। কিন্তু এখন পর্যন্ত সব বিভাগের মৌখিক পরীক্ষার ফল খাদ্য অধিদপ্তরে পৌঁছায়নি বলে অধিদপ্তর থেকে বলা হচ্ছে। কিন্তু প্রকৃত কারণ অন্য কিছু বলে জানা গেছে।সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানায়, মৌখিক পরীক্ষার আগে পরীক্ষা কমিটির মাধ্যমে দলীয় বা রাজনৈতিক সুপারিশ বাস্তবায়নের যে সুযোগ ছিল তা গ্রহণ করা হয়নি বা প্রস্তুতির অভাবে করা যায়নি। মৌখিক পরীক্ষার ফলাফল প্রক্রিয়াকরণের পরে এই সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে।জানা গেছে, প্রতিটি বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করে সব সদস্যের স্বাক্ষরসহ তা সিলগালাযুক্ত খামে করে অধিদপ্তরে পাঠায়। এরপর পরীক্ষা কমিটিগুলোকে বলা হয় সুপারিশ বাস্তবায়ন করতে। কিন্তু তখন তারা তা করতে অপারগতা প্রকাশ করে। পরে কমিশনারদের ঢাকায় ডেকে এনে এই বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার পর কয়েকটি কমিটি ফলাফল পুনর্মূল্যায়ন করে।