খাদ্য আইন দ্রুত কার্যকরের দাবি
খাদ্যে ভেজাল ও বিষের ব্যাপকতা লাভ করায় বিভিন্ন রোগ বাড়ছে আশঙ্কাজনকভাবে। রমজান মাসে খাদ্যদূষণ আরও প্রকট আকার ধারণ করেছে। তাই জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ২ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত নিরাপদ খাদ্য আইন দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শুক্রবার রাজধানীর হাইকোর্ট মাজার গেটের সামনে পবা ও আইনের পাঠশালার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান বক্তারা।
বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের সঙ্গে সংশ্লিষ্ট সব আইন দ্রুত কার্যকর করার দাবি করেন। খাদ্যে ভেজাল রোধে মানববন্ধন থেকে আট দফা দাবি তুলে ধরা হয় মানববন্ধনে। এর মধ্যে আছে খাদ্যে রাসায়নিক দ্রব্য মেশানো রোধ করতে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-গ ধারা প্রয়োগ। এই ধারায় খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। খেজুরসহ অন্যান্য ফলের গুদাম ও সেমাই-মুড়ির কারখানা নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়। এ ছাড়া ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনাকারী সরকারি সংস্থার সঙ্গে নিরাপদ খাদ্য আইনে উল্লিখিত সংস্থাগুলোর কাজে সমন্বয়ের দাবিও করেন বক্তারা। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সম্পাদক আবদুস সোবহান, আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস প্রমুখ। বিজ্ঞপ্তি।