খাদ্য আমদানিতে ১২ শতাংশের বেশি সুদ নেবে না ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক খাদ্যশস্য আমদানির জন্য ঋণপত্র খুলতে ১২ শতাংশের বেশি সুদ নেবে না। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা এ কথা জানান। খবর বাসসের।বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেন, আমানতকারীদের সুদের হারও ১২ শতাংশের বেশি হবে না। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে বিএবির প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে বর্তমানে ব্যাংকে কোনো তারল্য-সংকট নেই। কারণ, দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে।প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনা করে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। বৃহত্তর জাতীয় স্বার্থে কর দেওয়ার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, আত্মনির্ভরশীল ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীসহ কর দেওয়ার যোগ্য সব নাগরিককে নিয়মিত কর দিতে হবে। তিনি বলেন, তাঁর সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চায়। এ জন্য সরকার দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর ব্যবসাবান্ধব সরকার দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।বিএবির নেতারা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি অর্জনে বাস্তবমুখী ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।চা-বাগান মালিক সমিতির নেতাদের সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-শিল্পের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাগানমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ চা-বাগান মালিক সমিতির নেতারা গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি বাড়াতে বাংলাদেশের চায়ের মান ও উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। সমিতির সভাপতি মো. সাফওয়ান চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।শেখ হাসিনা বলেন, আগে বাংলাদেশ চা রপ্তানি করত। কিন্তু বর্তমান চায়ের উৎপাদন স্থানীয় চাহিদাই মেটাতে পারছে না। তিনি এই অর্থকরী ফসলের অতীতে গৌরব ফিরিয়ে আনতে বাগানমালিকদের প্রতি আহ্বান জানান।