খাদ্য উৎপাদন বাড়ানোর বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, খাদ্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।গতকাল মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদ উল্লাহ তালুকদার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।শেখ হাসিনা বলেন, বিপুল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটাতে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে। কারণ ভবিষ্যতে উচ্চমূল্য দিয়েও পর্যাপ্ত খাদ্য পাওয়া যাবে না। খাদ্য উৎপাদন বাড়াতে নিবিড় গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে এ খাতে সরকারি সহায়তা কাজে লাগানোর জন্য গবেষক ও শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানান। দেশের কোনো জমি পতিত থাকবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নিজের জমি চাষ না করে বিদেশ থেকে ঋণ নিয়ে জনগণের খাদ্য সংস্থান করার বিএনপির তত্ত্বে বিশ্বাস করে না।প্রধানমন্ত্রী বলেন, কৃষি গবেষকদের কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি ও এর সংরক্ষণে অঞ্চলভিত্তিক গবেষণা চালাতে হবে। দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এবং একটি নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট ফসলের জন্য উপযোগী। এ জন্য এ আঞ্চলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দিতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। পরে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টন্স অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদের নেতৃত্বে সংস্থার একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এ সময় উপস্থিত ছিলেন।পরে আরেকটি অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া রাষ্ট্রীয় মালিকানাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংযোজিত একটি পাজেরো স্পোর্টস জিপের চাবি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।