খাদ্য উৎপাদনে সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি পরিস্থিতিতে কৃষি উৎপাদনে সাফল্যের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। তবে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর একটা বড় অংশ অপুষ্টি ও অনাহারে ভুগছে। কাজেই এ বিষয়টিতে নজর দিতে হবে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো দা সিলভা গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর রোববার প্রথম বিদেশ সফরে বাংলাদেশে আসেন তিনি। হোসে গ্রাজিয়ানো বলেন, ‘বিপুল জনগোষ্ঠী এবং প্রতিকূল পরিবেশ সত্ত্বেও বাংলাদেশ শস্য উৎপাদনে বৈচিত্র্য এনে সাফল্য পেয়েছে। তেমনি মাছ চাষে সফল হয়েছে।’জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানি শুকিয়ে যাওয়া, জমিতে লবণাক্ততা বৃদ্ধি ও ঝড় জলোচ্ছ্বাস-পরবর্তী পরিস্থিতিকে বাংলাদেশের বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, ‘এটাই জীবনের অংশ। এ বাস্তবতা এড়িয়ে চলার সুযোগ আমাদের নেই। এফএও এ সমস্যা সমাধানে বাংলাদেশকে সাহায্য করবে।’ এফএওর মহাপরিচালক সংকট উত্তরণে খরা ও লবণাক্ততার মতো প্রতিকূল পরিবেশে উৎপাদনে সহায়ক মানসম্পন্ন বীজ উদ্ভাবনের ওপর জোর দেন। এটি হলে কৃষক অনেক বেশি শস্য উৎপাদনে সম্ভব হবে। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেন।দা সিলভা বলেন, চরম অনাহারে থাকা লোকজনের ক্ষুধা দূর, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ওপর জোর দিচ্ছে এফএও। সংবাদ সম্মেলনে খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বাংলাদেশের কৃষি বিনিয়োগ পরিকল্পনায় ৮০০ কোটি ডলার প্রয়োজন। এর মধ্যে সরকার ৩০০ কোটির সংস্থান করেছে। অবশিষ্ট ৫০০ কোটির জন্য উন্নয়ন সহযোগীদের সহায়তা চাওয়া হয়েছে।’