খাদ্য ও ওষুধবিষয়ক কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য নিরাপত্তার স্বার্থে ভেজাল প্রতিরোধ ও মূল্য নিয়ন্ত্রণের জন্য স্বতন্ত্র খাদ্য ও ওষুধবিষয়ক কমিশন গঠনের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভার।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ইফতারিসহ খাদ্যে বিষাক্ত দ্রব্যের ব্যবহার বন্ধ করার দাবিতে পবা ও বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, খাদ্য ও ওষুধবিষয়ক কমিশন গঠন না করা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের কঠোর বাস্তবায়ন সম্ভব নয়। বক্তারা খাদ্যে বিষক্রিয়ার বিরুদ্ধে সরকারিভাবে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।বক্তারা বলেন, দেশে খাদ্য নিরাপত্তায় রাষ্ট্রীয় ব্যবস্থা নেই। রোজায় ইফতার সামগ্রী তৈরিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর রং, মেয়াদোত্তীর্ণ ও দূষিত তেল ব্যবহার করা হয়। কোনো উপায় না থাকায় মানুষকে সেই খাদ্যই কিনে খেতে হয়। রাজধানীর ৯২ ভাগ ফাস্টফুডের দোকানে কমপক্ষে দুই থেকে পাঁচ দিনের বাসি খাবার গরম করে পরিবেশন করা হয়। পবিত্র রমজান মাসে এর পরিমাণ আরও বেড়ে যায়। বক্তারা আরও বলেন, বাজারে সহজলভ্য ফলমূল, শাকসবজি, মাছ-মাংসসহ প্রায় সব খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়। এসব খাবার খেয়ে মানুষের শরীরে প্রতিনিয়ত বিষ জমছে। ফলে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল ও অকেজো হচ্ছে। ক্যানসারসহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। এ নীরব গণহত্যা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি। এ জন্য ভেজালবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে হবে।মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, সহ-সম্পাদক গাজী লুৎফুল কবীর, বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের সম্পাদক আকতারুজ্জামান, পরিবেশবাদী সংগঠন পিসের মহাসচিব ইফমা হোসেন ও এনডিএফের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা বক্তব্য দেন।