বৈশ্বিক খাদ্য ও ক্ষুধা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থা নাজুক। বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক (জিএফএসআই) ও বৈশ্বিক ক্ষুধা সূচকের (জিএইচআই) বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) গত বৃহস্পতিবার এ বছরের জিএইচআই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ১২০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৮তম। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের স্কোর ২৪ পয়েন্ট, যা এখনো ‘উদ্বেগজনক’ অবস্থাকে নির্দেশ করে। এতে আরও বলা হয়, নব্বইয়ের দশকের পর থেকে বৈশ্বিক ক্ষুধার সূচকে উন্নতি হয়েছে। তবে এটা এখনো গুরুতর পর্যায়ে অবস্থান করছে।এদিকে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত চলতি বছরের জিএফএসআই প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে। গত ১০ আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে ১০৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮১তম। ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানও বৈশ্বিক খাদ্য সূচকে পিছিয়ে রয়েছে। সূচকে ভারতের অবস্থান ৬৬তম, শ্রীলঙ্কা ৬২তম এবং পাকিস্তানের অবস্থান ৭৫তম। ইউএনবি, জিনিউজ।