বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাই যথেষ্ট নয়, এগুলো নিরাপদ কি না, তা-ও নিশ্চিত হওয়া প্রয়োজন। আর এ জন্য জীবাণুমুক্তকরণের আধুনিক পদ্ধতি ব্যবহার করা অপরিহার্য। গতকাল সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে ইনস্টিটিউট অব রেডিয়েশন অ্যান্ড পলিমার টেকনোলজি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান এ কথা বলেন। সেমিনারটির বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশের শিল্পক্ষেত্রে গামা রশ্মির বিকিরণ ব্যবস্থাপনা’। গামা বিকিরণ প্লান্টের বহুমাত্রিক ব্যবহার বিষয়ে শিল্পপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান ও অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধিদের অবহিত করা ছিল এর উদ্দেশ্য।শিল্পক্ষেত্রে গামা বিকিরণ প্রযুক্তি ব্যবহারের জন্য এডিপির আওতায় সম্পূর্ণ দেশীয় অর্থায়নে সাভারে অবস্থিত পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব রেডিয়েশন অ্যান্ড পলিমার টেকনোলজিতে অত্যাধুনিক একটি প্লান্ট স্থাপন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে গামা বিকিরণ পদ্ধতি ব্যবহার করে অতি সহজে ও সুলভে দেশেই খাদ্য, ওষুধসহ চিকিৎসাসামগ্রী সংরক্ষণ ও জীবাণুমুক্তকরণ সম্ভব হবে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব রেডিয়েশন অ্যান্ড পলিমার টেকনলোজির পরিচালক মোবারক আহমদ খান। প্রবন্ধে বলা হয়, প্লান্টটির মাধ্যমে ‘গামা বিকিরণ’ প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্ভব হবে। সেমিনারে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২০০ উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেন।