খাদ্য ও পানির জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় তলিয়ে গেছে যমুনা নদীর তীরবর্তী বাড়িঘর। দুর্গত মানুষ আশ্রয় ​নিয়েছে স্থানীয় বাঁধে। সেখানে আশ্রয় জুটেছে গবাদিপশুরও। ছবিটি গতকাল সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের পুরোনো বাঁধ থেকে তোলা l প্রথম আলো
বন্যায় তলিয়ে গেছে যমুনা নদীর তীরবর্তী বাড়িঘর। দুর্গত মানুষ আশ্রয় ​নিয়েছে স্থানীয় বাঁধে। সেখানে আশ্রয় জুটেছে গবাদিপশুরও। ছবিটি গতকাল সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর গ্রামের পুরোনো বাঁধ থেকে তোলা l প্রথম আলো

চারদিকে যমুনার পানি থই থই করছে। প্রতিদিনই বাড়ছে হু হু করে। এরই মধ্যে বুকসমান পানিতে ডুবে গেছে শত শত বসতবাড়ি। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ভিজে গেছে তাদের চুলা, চাল-নুন। রান্নাবান্না বন্ধ। তলিয়ে গেছে চাপকল। খাদ্য ও খাওয়ার পানির জন্য বন্যাকবলিত এসব এলাকায় রীতিমতো মানুষের হাহাকার চলছে। গতকাল মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ, কামালপুর, ঘুঘুমারি, ইছামারা ও গোদাখালি গ্রামে এ দৃশ্য দেখা যায়।
বন্যাদুর্গত অনেকে বলেন, প্রায় এক মাস ধরে তাঁরা পানিবন্দী। তিন দিন ধরে পানি বেড়ে যাওয়ায় প্রায় এক হাজার পরিবার আশ্রয়হীন হয়ে পড়ে। এর মধ্যে অর্ধেক পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে বাঁধে।
গতকাল সকাল আটটার দিকে রোহদহ গ্রামে গিয়ে কথা হয় আজাদ নামের একজনের সঙ্গে। তিনি বলেন, ‘এক মাস ধরে পানিবন্দী। উঁচু মাচায় পরিবার নিয়ে আশ্রয় নিয়েছিলাম। রান্না-খাওয়া-থাকা সেখানেই। ঘরে খাবার নেই। বাধ্য হয়ে বাঁধে উঠছি।’

সকাল সোয়া আটটায় ঘুঘুমারি শেখপাড়ায় গিয়ে দেখা যায়, বসতবাড়ির উঁচু মাচায় পরিবারের আট সদস্য নিয়ে আছেন ফজুল শেখ। তিনি বলেন, ‘ঘরের ভেতর বুকসমান পানি। ঘরে খাবার ও পানি নাই। ছোটরা খিদে সহ্য করতে পারছে না।’

শেখপাড়ার যমুনার তীরে বালুচরে আশ্রয় নিয়েছেন মাঝি ফেরদৌস শেখ। তিনি বলেন, ‘বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। খালি হাতে অ্যাটি অ্যাসে উঠিচি। না খ্যায়া দিন যাচ্চে। কুনটি অ্যানা খাবার পাচ্চি না, পিপাসায় বুক ফাটি যাচ্চে, খাবার পানি পাচ্চি না।’

রোহদহ পুরাতন বাঁধে আশ্রয় নিয়েছে ৫০টি পরিবার। সবাই পূর্বপাড়ার বাসিন্দা। এর মধ্যে আবদুর রশিদ বলেন, ‘এখানকার সবার বসতবাড়ি গিলেছে যমুনা। বিলীন হওয়া বাঁধের অর্ধেক অংশে আশ্রয় নিয়েছি সবাই। হু হু করে নদী ভাঙছে। যেকোনো সময় আশ্রয়হীন হয়ে পড়ব।’

দুর্ভোগচিত্র দেখা গেছে পাশের বয়রাকান্দি, ধলিরকান্দি, ইছামারাসহ আশপাশের গ্রামেও।

দুর্গত এলাকার প্রায় এক হাজার পরিবার বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। ছোট ছোট ঝুপড়ি তোলা হয়েছে। রোহদহ নতুন পাড়ার ফারুক হোসেন বলেন, ‘ঘরত চাল-ডাল-নুন কিছুই নাই। খালি হাতে বাঁধত অ্যাসে উঠিচি। অ্যাটিও ত্রাণ নাই। খাবার পানি নাই। আশপাশে টিউবওয়েল নাই। টয়লেট নাই।’

 তাহেরা বেগম বলেন, ‘এক কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করছি।’

 জেলা ত্রাণ কর্মকর্তা শাহারুল মোহাম্মদ আবু হেনা বলেন, সারিয়াকান্দিতে এ পর্যন্ত ৬৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ৩০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পাবনায় তলিয়ে গেছে আউশের খেত: ঈশ্বরদী উপজেলার দুটি ইউনিয়নের আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। পদ্মায় পানি বাড়তে থাকায় নদীর চর ও নিকটবর্তী জমির আউশ ধান, পাটসহ বিভিন্ন সবজির কয়েক হাজার বিঘা জমি তলিয়ে যাওয়ায় কয়েক শ কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। ইউনিয়ন দুটি হলো উপজেলার সাড়া ও লক্ষ্মীকুণ্ডা।

উপজেলা সহকারী অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফজলুল হক বলেন, সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আউশ ধানের। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে।