খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা ও মহানন্দার পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি গতকাল সদর উপজেলার সোনারদীচর থেকে তোলা  প্রথম আলো
পদ্মা ও মহানন্দার পানি বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ছবিটি গতকাল সদর উপজেলার সোনারদীচর থেকে তোলা প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সদর ও শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পদ্মার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ও মহানন্দার পানি ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ দুই নদীতে পানি বাড়ায় সদর উপজেলার আটটি ও শিবগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে।
সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সোনারদিচর গ্রামে গিয়ে দেখা যায়, ওই গ্রামের মঈদুল ইসলাম বাড়ি ছেড়ে একটু উঁচু স্থানে একটি মাচা তুলেছেন। একই গ্রামের মোমিন আলী ও আবদুল লতিফের পরিবারের সদস্যরা মঈদুলের ওই মাচায় আশ্রয় নিয়েছেন। পানি থেকে মাত্র পাঁচ-ছয় ইঞ্চি ওপরে থাকা ওই মাচায় তিনটি পরিবারের সদস্যরা গাদাগাদি করে অবস্থান করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তাদের এই আশ্রয় ছাড়তে হবে। এ গ্রামের এমদাদুলের পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে। একই গ্রামের মঈদুল ইসলাম বলেন, ‘প্রায় ২৫ দিন ধরে বন্যার পানির মধ্যে আছি। এ পর্যন্ত কেউ খোঁজ নিতে আসেনি।’
গতকাল সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে এ গ্রামে চিড়া-গুড়, মোমবাতি ও ম্যাচ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রলেখা নাজনিন, মহিলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা হক, জিয়াউর রহমান এগুলো বিতরণ করেন। চিত্রলেখা নাজনিন বলেন, ‘এ মুহূর্তে আমাদের সামর্থ্য সীমিত। কিন্তু চাহিদা বেশি। তবে পরে বরাদ্দ বাড়বে।’
জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান, সদর উপজেলার ছয়টি ও শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের সব এলাকা প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করার জন্য এ পর্যন্ত বন্যাকবলিত এলাকার প্রায় ১০০টি নলকূপ উঁচু করা হয়েছে।