চাল ও গম আত্মসাতের অভিযোগে করা মামলায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপখাদ্য কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) কাজী মমিন উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নূরুল হুদা শুনানি শেষে এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ১১ লাখ ৩২ হাজার ১০৫ টাকার সরকারি চাল ও গম আত্মসাতের অভিযোগে করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি কাজী মমিন উল্লাহ গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাহমুদুল হক বলেন, মিরসরাইয়ের একটি খাদ্যগুদামের দায়িত্বে থাকাকালে চাল ও গম আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ১৯ জুন মমিন উল্লাহকে আসামি করে মামলা করেন মিরসরাই উপজেলার সাবেক খাদ্য নিয়ন্ত্রক আনোয়ারুল হক। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।