খাদ্য কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগকে কেন্দ্র করে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে হামলা ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বগুড়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গতকাল নন্দীগ্রাম উপজেলায় ভাটরা ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ডিলার আবদুল মজিদকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপকারভোগী ব্যক্তিদের কাছ থেকে দুই মাসের জন্য স্বাক্ষর নিয়ে এক মাসের চাল দেওয়ায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। এ ছাড়া শাজাহানপুর উপজেলায় কালোবাজারে বিক্রি ও সুফলভোগী ব্যক্তিদের কার্ড নিজের কাছে রাখায় আবুল বাশার (৪০) নামের এক ডিলারকে ১৫ দিনের কারাদণ্ড ও দুস্থদের চাল কেনার দায়ে মুক্তার সরকার (৪৪) নামের এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার নিয়োগকে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদকে মারধর করা হয়। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদসহ ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩৪ জনের বিরুদ্ধে ওই দিনই থানায় মামলা করেন গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহর থেকে প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার তিন আসামি হলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, গাবতলী পৌর যুবলীগের সহসভাপতি আবদুল হান্নান ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
নন্দীগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভাটরা ইউনিয়নের ভাগবজর বাজার বিক্রয়কেন্দ্রের ডিলার আবদুল মজিদ গতকাল আটজন উপকারভোগীর কাছ থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চাল বুঝে পাওয়ার স্বাক্ষর নেন। কিন্তু তিনি ১০ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি করে চাল দিচ্ছিলেন। এ সময় উপকারভোগী ব্যক্তিদের সঙ্গে ওই ডিলারের বাগ্বিতণ্ডা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. শরীফুন্নেসা ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবদুল মজিদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মোসা. শরীফুন্নেসা বলেন, হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম বরদাশত করা হবে না। কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শাজাহানপুরের খোট্রপাড়া ইউনিয়নের একটি বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রি করা আট বস্তা চাল উদ্ধার এবং খালি বস্তার ভেতর থেকে দরিদ্রদের নামে বরাদ্দ দেওয়া আটটি কার্ড উদ্ধার করেন ইউএনও মোহাম্মদ শাফিউল ইসলাম। এ ঘটনায় ডিলার আবুল বাশার ও ব্যবসায়ী মুক্তার হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে সাজা দেন তিনি। এ ছাড়া আবুল বাশারের ডিলারশিপ বাতিল করা হয়।