খাদ্য কর্মকর্তাসহ তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় গত শুক্রবার খাদ্যগুদাম কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন জয়পুরহাটের আক্কেলপুর ও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পার্বতীপুর (দিনাজপুর): ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের আমবাড়ী এলাকায় শুক্রবার সন্ধ্যায় গমবোঝাই একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার মন্মথপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মনমোহন (৫০) নিহত হন। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি গ্রামে। আক্কেলপুর (জয়পুরহাট): উপজেলার তিলকপুর বাজার মোড়ে শুক্রবার একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী আক্কেলপুর উপজেলার নূরনগর গ্রামের গোলাম মোস্তফা (৩৫) ও নওগাঁর সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের রতন (২৫) নিহত হন। আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার শহরের বাইপাস সড়কের আনিকা পেট্রলপাম্পের সামনে শুক্রবার বিকেলে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আসাদুজ্জামান (২৮) নিহত হন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী। তাঁর বাড়ি একই উপজেলার সভাপুর গ্রামে।