চাল আত্মসাতের অপরাধে চাঁদপুরের কচুয়া উপজেলা খাদ্যগুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম মুন্সীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সাইফুল ইসলামকে ১৫ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার বিকেলে চাঁদপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মামুনুর রশীদ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আবদুস সালাম ও সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলায়। দুই মাস আগে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে নেওয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৮ এপ্রিল কচুয়া খাদ্যগুদাম থেকে সরকারি চাল আত্মসাৎ করার সময় ট্রাকচালক সাইফুল ইসলাম ও তাঁর সহযোগী মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সন্দেহে খাদ্যগুদামের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ও ইউপি সদস্য সাইফুলসহ চারজনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মুরাদ হোসেন চৌধুরী। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ২৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক কুমিল্লা ও চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মোরশেদ আলম আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আবদুস সালাম ও ইউপি সদস্য সাইফুলকে সাজা দেওয়া হয়। অপর দুই আসামি গাড়িচালক সাইফুল ইসলাম ও তাঁর সহযোগী মেহেদী হাসানকে বেকসুর খালাস দেওয়া হয়।