খাদ্য নিয়ন্ত্রকের পদত্যাগ দাবিতে স্মারকলিপি
রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও হিসাবরক্ষকের পদত্যাগের দাবি করেছেন রাজশাহীর পরিবহন ঠিকাদারেরা। এ বিষয়ে গতকাল রোববার কুরিয়ারযোগে খাদ্যমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন তাঁরা।
পরে বেলা ১১টার দিকে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে দরজা-জানালার কাচ ভাঙচুর করেন ঠিকাদারেরা। কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। স্মারকলিপিতে ঠিকাদারেরা উল্লেখ করেন, ২০০৫-০৭ অর্থবছরে বিভাগীয় পরিবহন ঠিকাদার নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘ আট বছর ধরে নতুন ঠিকাদার নিয়োগ না দিয়ে পুরোনো ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের মালিক মো. সাঈদ বলেন, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন ও হিসাবরক্ষক মোস্তাকিমকে প্রত্যাহার করা না হলে রাজশাহীর ঠিকাদারেরা কঠোর আন্দোলনে নামবেন। এ ব্যাপারে খাদ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন জানান, ৯১২ জন ঠিকাদার শিডিউল কিনলেও মাত্র ২৩৪ জন ঠিকাদার তা দাখিল করেন। অবশিষ্ট ৫৭৮ জন ঠিকাদারের মধ্যে দুজন রিট করলে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। এ কারণে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না।