খাদ্য নিয়ে আতঙ্ক নয়, দরকার সঠিক তথ্য
ব্যবসায়ীদের অতিরিক্ত লোভের কারণে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। গতকাল বুধবার রাজধানীর খামারবাড়ি আ ক ম গিয়াসউদ্দিন মিল্কী মিলনায়তনে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এ সম্মেলনের আয়োজন করে। আলোচকেরা বলেন, খাদ্য নিয়ে আতঙ্ক সৃষ্টি না করে সঠিক তথ্য মানুষকে জানানোর দরকার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, নিরাপদ খাদ্যের জন্য মহাখালীতে একটি উন্নতমানের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কিন্তু সেখানে গেলেই বোঝা যায় যে তাতে কোনো কাজ হচ্ছে না। যন্ত্রগুলো অকেজো অবস্থায় পড়ে আছে।
অনুষ্ঠানে জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা (এফএও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাইক রবসন বলেন, সব খাদ্যে বিষ আছে এমন গুজব ছড়িয়ে ভীতি তৈরি না করে বরং কোন খাদ্যে কী ধরনের অনিরাপদ উপাদান আছে তা চিহ্নিত করতে হবে।
আয়োজকেরা জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডস সরকার ও এফএও এই নেটওয়ার্ক তৈরিতে সহায়তা দিয়েছে। বেসরকারি সংস্থা ক্যাব, উবিনীগ, শিশুক, বি-সেভ ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ওই নেটওয়ার্কের সদস্য।
নেটওয়ার্কের সভাপতি ফরিদা আখতার বলেন, ‘খাদ্যে বিষ নিয়ে আমরা অহেতুক আতঙ্ক তৈরি করতে চাই না। কিন্তু আমাদের সঠিক তথ্য তুলে ধরতে হবে।’