খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আইন করতে হবে
দেশের দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে একটি আইন করতে হবে। ভারতের মতো ওই আইনের মাধ্যমে দরিদ্র মানুষের ন্যূনতম খাদ্যের চাহিদা পূরণে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে।
আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এবং ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা: খাদ্য অধিকার প্রেক্ষিত’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। খাদ্য অধিকার, বাংলাদেশ ও অক্সফামের গ্রো-ক্যাম্পেইনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের হতদরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে দুই কোটি ২০ লাখে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু লক্ষ্য হওয়া উচিত দরিদ্র থাকবে না এমন একটি দেশ।
ভারতের উদাহরণ টেনে এম এম আকাশ বলেন, ২০১৩ সালে ভারতে খাদ্য অধিকার বিষয়ে একটি আইন হয়েছে। ওই আইনের আওতায় সে দেশের সরকার ১২০ কোটি মানুষকে রোজ তিন রুপি কেজি দরে পাঁচ কেজি চাল দিচ্ছে। বাংলাদেশেও এ ধরনের একটি আইন করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, দেশে গত চার-পাঁচ বছর ধরে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের মোট সংখ্যা একই, অর্থাৎ চার কোটিতেই আছে। তাই এসডিজি ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনিন আহমেদ বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট আইন আছে। এ জন্য নতুন করে কোনো আইনের দরকার নেই। দরকার আইনের যথার্থ প্রয়োগ।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জলবায়ু বিশেষজ্ঞ এ কে এম মামুনুর রশীদ দেশের খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, ‘নতুন আইন করা একটি প্রগতিশীল চিন্তা। কিন্তু ওই আইন বাস্তবায়নের জন্য আমাদের সমাজ প্রস্তুত কি না, সেটাও ভেবে দেখতে হবে।’
বেসরকারি সংস্থা স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, দেশের জলমহাল ও খাসজমির মতো সরকারি সম্পত্তিগুলো প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করছে। তিনি খাদ্য নিরাপত্তায় বাজারের ভূমিকা কমিয়ে রাষ্ট্রকে বেশি দায়িত্ব নেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা সব সময় মানুষের আয়কে ধরে দারিদ্র্য পরিমাণ করি। এর বাইরেও দারিদ্র্যের বহুমাত্রা আছে। ইউএনডিপির হিসাব অনুযায়ী, দেশে বহুমাত্রিক দারিদ্র্য ২১ শতাংশ এবং অন্য আরও কয়েকটি সংস্থার হিসাবে ২২ শতাংশ। আমাদের এই বহুমাত্রিক দারিদ্র্য কমানোর জন্য কাজ করে যেতে হবে।’
খাদ্য অধিকার বাংলাদেশের সদস্য মনীষা বিশ্বাসের সঞ্চালনায় সভায় দেশের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গবেষকেরা উপস্থিত ছিলেন।