খাদ্য-নিরাপত্তায় এক হাজার ৪৫০ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের খাদ্য-নিরাপত্তায় যুক্তরাষ্ট্র এক হাজার ৪৫০ কোটি টাকা দেবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশে নেওয়া খাদ্য-নিরাপত্তা কর্মসূচির প্রভাব নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা জানানো হয়।বাংলাদেশের পক্ষ থেকে এ সময় খাদ্য-নিরাপত্তা বাবদ সহায়তার পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় কেয়ার পরিচালিত সৌহার্দ্য ও সেভ দ্য চিলড্রেন (ইউএসএ) পরিচালিত জীবন ও জীবিকা কর্মসূচির মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে দেশে দারিদ্র্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দারিদ্র্যবিমোচন কর্মপরিকল্পনা (পিআরএসপি) তৈরি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নেতৃত্বে ২০০৪ সাল থেকে ২০০০ গ্রামে শুরু হওয়া সৌহার্দ্য কর্মসূচির সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, শক্তিশালী স্থানীয় সরকার গণতান্ত্রিক সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেভ দ্য চিলড্রেন (ইউএসএ) পরিচালিত জীবন ও জীবিকা কর্মসূচি সিডর ও আইলার পর স্থানীয় জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা দিয়ে যাচ্ছে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, খাদ্য-নিরাপত্তার জন্য কৃষি গবেষণা ও উত্পাদন বৃদ্ধিতে সরকার মনোযোগী হয়েছে। এ ব্যাপারে উন্নয়ন সহযোগী দেশগুলোকে সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলেন, এখনো বাংলাদেশের তিন কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। বাংলাদেশের ছয় কোটি মানুষ বছরের ছয় থেকে সাত মাস নিয়মিত পর্যাপ্ত খাদ্য পায় না। মরিয়ার্টি বলেন, বিশ্বের ক্ষুধা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা এক বিলিয়ন ডলারের যে তহবিল ঘোষণা করেছেন তা থেকে বাংলাদেশকে ২১ কোটি ডলার বা এক হাজার ৪৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।সেমিনারের শুরুতে বাংলাদেশে খাদ্য-নিরাপত্তা কর্মসূচির প্রভাব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ জোয়ে লারোক্কি ও সেভ দ্য চিলড্রেনের (ইউএসএ) ডায়ানা ময়ারস।