সার্ক কৃষিমন্ত্রীদের সম্মেলন উদ্বোধন
খাদ্য নিরাপত্তায় 'ফুড ব্যাংক' প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

দক্ষিণ এশিয়ায় খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যত দ্রুত সম্ভব ‘ফুড ব্যাংক’ গড়ে তুলতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা সার্ক ফুড ব্যাংক প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছি, তার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। দক্ষিণ এশিয়ার একজন মানুষকেও যাতে খাদ্যের অভাবে প্রাণ হারাতে না হয়, সে লক্ষ্যে এই ব্যাংক হবে আমাদের বিপদের বন্ধু।’
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ এশীয় কৃষকদের হাতে শস্যবীজের অধিকার সংরক্ষিত রাখতে ‘সার্ক বীজ ব্যাংক’ প্রতিষ্ঠার জন্যও এ সময় আহ্বান জানান তিনি।
কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা দেন ভারতের কৃষি ও কৃষক কল্যাণবিষয়ক মন্ত্রী রাধা মোহন এবং সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা। কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী এ অঞ্চলের দেশগুলোর দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা চাই একটি মানুষও যেন অনাহারে না থাকে, অপুষ্টিতে না ভোগে। আমরা প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে চাই। কিন্তু কোনো একক দেশের পক্ষে তা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন যৌথ উদ্যোগ। এ লক্ষ্যে বাংলাদেশ সব সময় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।’
প্রধানমন্ত্রী বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে বেশ কিছু বিষয়ে নজর দিতে হবে। এগুলো হলো স্বল্প দামে উন্নত বীজ সরবরাহ নিশ্চিত করা, কৃষিকাজে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির কৃষির প্রবর্তন, কীটনাশকের ব্যবহার হ্রাস ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার সম্প্রসারণ, কৃষি উৎপাদন খরচ হ্রাস, কৃষক পর্যায়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি বিপণনব্যবস্থা জোরদার, প্রান্তিক চাষিদের স্বার্থ সুরক্ষা, গবাদিপশু-হাঁস-মুরগি ও মাছের রোগ প্রতিরোধসহ উন্নত চাষ পদ্ধতি চালু করা এবং এগুলোর জন্য উন্নততর গবেষণা পরিচালনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, দক্ষিণ এশিয়ার জনগণের জন্য খাদ্য ও পুষ্টির নিরাপত্তা বিধানই হোক এ সম্মেলনের অঙ্গীকার। আর সবার জন্য খাদ্য-পুষ্টি নিশ্চিত করতে কৃষি উন্নয়নের কোনো বিকল্প নেই। কিন্তু আমাদের কৃষিব্যবস্থা নানা কারণে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত নয়।
সম্মেলনে ভারতের কৃষি ও কৃষি কল্যাণবিষয়ক মন্ত্রী শ্রীরাখা মোহন সিং, নেপালের কৃষি উন্নয়নমন্ত্রী বরিবোল গাজুরেল, পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণাবিষয়ক মন্ত্রী সিকান্দার হায়াত খান বোসান, ভুটানের কৃষিমন্ত্রী ইয়েসেই দরজি এবং আফগানিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার পক্ষে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
সার্ক কৃষিমন্ত্রী কমিটির নতুন সভাপতি মতিয়া চৌধুরী: নিজস্ব প্রতিবেদক জানান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সার্ক কৃষিমন্ত্রী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। সার্ক কৃষিমন্ত্রীদের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে মতিয়া চৌধুরী বলেন, সার্ক খাদ্য ব্যাংক ও বীজ ব্যাংকের কার্যক্রম চালু করা হবে আমাদের আগামী দিনের লক্ষ্য। এ ছাড়া সার্ক দেশগুলোর মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে মোট ১০টি বিষয়ে একমত হয়েছে সদস্যদেশগুলো।