খাদ্য নিয়ন্ত্রককে মারধর যুবলীগ কর্মীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কার্যালয়ে ঢুকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ তিন কর্মকর্তাকে গতকাল বুধবার মারধর করা হয়েছে। এ সময় কার্যালয়ের টেলিফোন ও আসবাবপত্র ভাঙচুরসহ কাগজপত্র তছনছ করা হয়। এর দায়ে যুবলীগের কর্মী মশিউর রহমানকে (৩২) সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম বলেন, ফকিরপাড়া গ্রামের মশিউর ও তাঁর শ্বশুর আরিফুর রহমান অনৈতিক সুবিধা আদায় করার জন্য প্রায়ই নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা কার্যালয়ে ঢুকে আসন্ন বোরো মৌসুমে চাল সরবরাহের সরকারি চুক্তিতে অন্তর্ভুক্তির জন্য তাঁদের অচল চালকল সচল দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিতে বলেন। তা মানতে অপারগতা প্রকাশ করলে তাঁরা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা রড, টেবিলে থাকা মাটির ফুলদানি ও কাঠের রুলার দিয়ে মারধর করেন। এ সময় খাদ্য পরিদর্শক মিয়ারাজ হুসাইন ও সহকারী খাদ্য উপপরিদর্শক শামসুল আলম বাধা দিলে তাঁদেরও মারধর ও গালাগাল করা হয়।
খাদ্য পরিদর্শক মিয়ারাজ হুসাইন বলেন, এসব ঘটনা চলাকালে খাদ্য নিয়ন্ত্রক অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
স্থানীয় ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই হামলার ঘটনার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেলে তাঁরা দামুড়হুদা-মুজিবনগর সড়কে মানববন্ধন করেন। তাঁরা হামলাকারীদের শাস্তি দাবি করেন। অবস্থা বেগতিক বুঝতে পেরে উপজেলা যুবলীগের নেতারা মশিউর রহমানকে সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম ফরিদুর রহমান তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে রাতেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও ফরিদুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাকে কর্তব্য পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে আক্রমণ করা ও অপরাধমূলক বক্তব্য দেওয়ায় সাজা দেওয়া হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবীর ইউসুফ বলেন, মশিউর যুবলীগের কর্মী হলেও কাজটি ভালো করেননি।