হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের জায়গায় জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী কল্যাণকেন্দ্রের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এই জটিলতার কারণে ওই কার্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়নি। বরাদ্দ করা দুই কোটি টাকাও ফেরত গেছে। চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী কল্যাণকেন্দ্রের দাবি, দখল করা ওই জায়গার তিন শতক তাদের। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে ভবন নির্মাণের জন্য শহরের জালাল স্টেডিয়ামের দক্ষিণ পাশে এবং বর্তমান বৃন্দাবন সরকারি কলেজের ছাত্রী হোস্টেলের উত্তর পাশে ৩৪ শতক জমি ২০০২ সালে বরাদ্দ দেয় ভূমি মন্ত্রণালয়। এর দলিল নিবন্ধিত হয় ২০০৮ সালে। ২০১১-২০১২ অর্থবছরে এই জায়গায় তারা ভবন নির্মাণের কাজ শুরু করে। এ জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রণালয়। ওই জায়গায় মাটি ভরাট, গাইড ওয়াল নির্মাণ ও সীমানাপ্রাচীরের প্রায় ১৯ লাখ টাকা খরচ করে খাদ্য বিভাগ। কিন্তু নির্মাণকাজ চলা অবস্থায় সম্প্রতি জেলা কালেক্টরেট অফিসের (জেলা প্রশাসকের কার্যালয়ের) চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী কল্যাণকেন্দ্র খাদ্য অফিসের বরাদ্দ করা জায়গার সমঞ্চুখভাগে ৫০ ফুট লম্বা ও ২০ ফুট প্রশস্ত একটি টিনশেডের ঘর তৈরি করে। চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী কল্যাণকেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, সরকার এ জায়গাটি ২০০৪ সালে তাঁদের বরাদ্দ দিয়েছে। ওই জায়গায় কর্মচারী কল্যাণকেন্দ্রের জেলা কার্যালয় নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে। পাশাপাশি তাঁরা এ স্থানে অস্থায়ী কার্যালয় তৈরির জন্য কেন্দ্র থেকে দুই লাখ টাকা অনুদান পেয়েছেন। ওই কেন্দ্রের সভাপতি শায়েদ আলী বলেন, ‘আমরা তিন শতক ভূমির মালিক। এর বেশি একটু জায়গাও আমরা কারও কাছ থেকে নেব না। যেখানে স্থাপনা তৈরি করা হয়েছে, সেই জায়গা আমরা ভূমি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পেয়েছি।’খাদ্য বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দুর রহমান বলেন, গত অর্থবছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। জায়গা দখলের কারণে স্থাপত্য বিভাগ নকশার অনুমোদন দেয়নি। পাশাপাশি বরাদ্দ করা অর্থ কোনো কাজে লাগানো যায়নি, তা ফেরত গেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মহিবুল হক বলেন, জটিলতার কারণে এর নির্মাণকাজই শুরু করতে পারেননি তাঁরা। এর জন্য প্রায় দুই কোটি টাকা বরাদ্দও ছিল তাঁদের। বিষয়টি স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের জানা আছে বলে জানান ওই কর্মকর্তা। জেলা প্রশাসক মাহমুদ হাসান বলেন, ‘আমার জানামতে এ জায়গাটি জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসকে ভূমি মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। অন্যদের (চতুর্থ শ্রেণী কর্মচারীদের) দাবির কোনো বৈধতা পাওয়া যায়নি।’