খাদ্য পরিদর্শক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্য পরিদর্শক পদে খাদ্য প্রকৌশল অথবা খাদ্য প্রযুক্তি বিভাগের স্নাতকদের নিয়োগের দাবিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বিশ্ববিদ্যালয়টির খাদ্য প্রযুক্তি ও গ্রামীণ শিল্প বিভাগের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ কর্মসূচি পালন করেন।
বেলা দুইটার দিকে আয়োজিত ওই মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন পর্যায়ে ‘নিরাপদ খাদ্য পরিদর্শক’ পদ সৃষ্টি করা হয়। কিন্তু সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য পরিদর্শকেরা দায়িত্ব পালন করছেন। সরকার বলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ‘খাদ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা’ নামের বিভাগ চালুর পর সেখানকার স্নাতকদের এসব পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষার্থীদের দাবি, দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে খাদ্য প্রকৌশল ও খাদ্য প্রযুক্তি বিভাগ থেকে স্নাতক বের হচ্ছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও ১৫ বছর ধরে খাদ্য প্রকৌশলী তৈরি করা হচ্ছে। এ স্নাতকেরাই ওই সব পদে নিয়োগ পাওয়ার যোগ্য। তাই তাঁদের দ্রুত ওই পদে নিয়োগের ব্যবস্থা করা হোক।