খাদ্য বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে মন্ত্রীর নির্দেশ
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য খাদ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, খাদ্য বিভাগকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। কোনো কাজ সিন্ডিকেট করে করা যাবে না। কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। গতকাল মঙ্গলবার বগুড়া সার্কিট হাউসে রাজশাহী ও রংপুর বিভাগের খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
মতবিনিময় সভায় খাদ্য বিভাগের সচিব মুশফিকা ইকফাত, যুগ্ম সচিব আতিয়ার রহমান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান, বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পরিমল চন্দ্র সরকার, রংপুর বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম কাদির উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী কামরুল বলেন, ‘আমি যতটুকু জেনেছি, এই দুই বিভাগে সবচেয়ে বেশি খাদ্য সংগ্রহ হয়ে থাকে। এখন আমন সংগ্রহ অভিযান চলছে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাতে আশাতীত খাদ্য সংগ্রহ হচ্ছে। অথচ পত্রপত্রিকায় খাদ্য সংকটের যে কথা ছাপা হচ্ছে, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। হরতাল ও অবরোধে ধান-চালের দাম কিছুটা বেড়েছে ঠিকই, তবে এই দাম থাকবে না। এ সময়ে ব্যবসায়ীরা প্রচুর ধান কিনে মজুত করেছেন। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল কিনতে হবে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রথম কাজ শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা। ইতিমধ্যে সেই পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। কেমন করে নির্বাচন হলো না-হলো এসব নিয়ে মানুষ আর চিন্তা করে না। তারা শান্তিতে থাকতে চায়।’ এ সময় তিনি রংপুরে একটি সিএসডি খাদ্যগুদাম নির্মাণ ও পুরোনো খাদ্যগুদামগুলো সংস্কারের আশ্বাস দেন।